চোটের জন্য বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। ফিরে আসার পর আইপিএলের প্রথম দুটো ম্যাচেও রান পাননি। কিন্তু তারই মধ্যে নতুন এক বিতর্কে জড়িয়ে পড়েছেন যুবরাজ সিং। এক মডেলের সঙ্গে তাকে জড়িয়ে নানা কথা রটতে শুরু করেছে। এমনকী বিভিন্ন কাগজে দুজনের এক সঙ্গে ছবিও ছাপা হয়েছে। যা দেখে রীতি মতো ক্ষুব্ধ যুবরাজ। টুইটারে যুবি লিখেছেন, ও নিছকই আমার বন্ধু। সেই ক্লাস সিক্স থেকে চিনি ওকে। খবরের কাগজে আমার ছবি যেভাবে ছাপা হয়েছে, তা দেখে আমি রীতিমতো হতাশ।
ইদানিং আইপিএলের পার্টিতে আঁচল কুমার নামের ওই মডেলের সঙ্গে বেশ কয়েকবার দেখা গিয়েছে যুবরাজকে। সে দেখেই চটেছেন যুবি। টুইটারে আরো লিখেছেন, আইপিএলে ফ্রাঞ্চাইজি মালিকেরা হামেশাই পার্টি দেয়। আমাদের সেই পার্টিতে যেতেও হয়। সেখানে আঁচল কুমারের সঙ্গে আমাকে জড়িয়ে যা রটছে, তা রীতিমতো হাস্যকর।
পরপর দুটো ম্যাচ হেরে পাঞ্জাব রীতিমতো ব্যাকফুটে। যুবরাজের ব্যাটে যে শুধু রান নেই, তা নয়। নিজের ফিল্ডিং নিয়েও খুশি নন কিংস ইলেভেনের প্রাক্তন অধিনায়ক। তিনি মনে করছেন, চোট পাওয়ার কারণে এখন আর ঠিকঠাক ডাইভ মেরে বল বাঁচাতে পারছেন না। একটি টিভি চ্যানেলকে যুবরাজ বলেছেন, গত চার মাসে দুর্ভাগ্যজনকভাবে চোট পেয়েছি। মনে হচ্ছে আমার ডাইভ দেওয়ার টেকনিকেও সমস্যা হচ্ছে। -ইন্টারনেট

